ঈদে ঢাকাসহ চার জেলার মানুষ কোথাও না যেতে চিঠি

দুই সপ্তাহ পরেই মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ঢাকাসহ চার জেলার মানুষ অন্য জেলায় যেতে পারবেন না। ঢাকা বাদে অন্য জেলাগুলো হল- নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম। এই চার জেলার মানুষ যাতে অন্য জেলায় যাতায়াত করতে না পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

বুধবার কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অনুরোধ জানিয়ে এই চিঠি লিখেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে কোভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশের বর্তমান অবস্থা বিবেচনায় এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর