বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর খুব জোর দিচ্ছে। কর্মমূখী শিক্ষা দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই সবার জন্য অনার্স, মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রীর প্রয়োজন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে এটুআই ও ড্যাফোডিল পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে মাদ্রাসা, কারিগরি, কওমী ও সাধারণ শিক্ষাসহ নানা ধরণের শিক্ষা কার্যক্রম চালু আছে। শিক্ষায় যে আবশ্যিক দক্ষতা অর্জনের কথা তা অনেক ক্ষেত্রেই হচ্ছে না। তাই সরকার উদ্যোগ নিয়েছে সব ধরণের শিক্ষায় দক্ষতা নিশ্চিত করার।
তিনি আরও জানান, সরকার শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাচ্ছে যাতে প্রত্যেক শিক্ষার্থী তার জীবন ও জীবিকা নিয়ে লালিত স্বপ্ন পূরণ করতে পারে। একইসাথে রাষ্ট্রের কাজেও আসতে পারে।
বার্তাবাজার/এসজে