মহামারি করোনাকালে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তা ও ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগে আরও ১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৩ ইউপি মেম্বারকে সাময়িক বরখাস্ত করার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ইফতেখার আহমদ চৌধুরী সাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
নতুন করে বরখাস্ত হওয়ার আদেশ পাওয়া চেয়ারম্যানের নাম মো. সিরাজ উদ্দীন মণ্ডল। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার ২ নম্বর তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ভিজিডি কার্ডের চাল বিতরণ না করে মজুদ রাখার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া নড়াইলের কালিয়া উপজেলার ১১ নং পেড়লী ইউনিয়নের মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালিন করা মো. শাহাজন শেখ ও একই উপজেলার বাঐসোনা ইউনিয়নের ৬ং ওয়ার্ডের মেম্বার মো. রকিত শেখকে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তার তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
একইসাথে বরখাস্ত করা হয়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৭,৮ ও ৯ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রাশিদা খাতুনকে। তিনি সরকারি অর্থায়ণে নির্মিত একটী ইউড্রেনে রডের বদলে বাঁশ ব্যবহার করেছিলেন। একই অভিযোগে কিছুদিন আগে বহিস্কার হয়েছিলেন ৮ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী।
উল্লেখ্য, করোনাকালে বিভিন্ন খাত্যে দুর্নীতি ও লুটপাট করে এই পর্যন্ত ১১১ জনপ্রতিনিধি বরখাস্ত হয়েছেন। যার মধ্যে একজন জেলা পরিষদ সদস্য, একজন উপজেলা ভাইস চেয়ারম্যান, চারজন পৌর কাউন্সিলর, ৩৬ জন ইউপি চেয়ারম্যান ও ৬৯ জন ইউপি সদস্য রয়েছে।
বার্তাবাজার/এসজে