বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা

বাগেরহাটের শরণখোলায় বাবার ওপর অভিমান করে রাজিব ওরফে হৃদয় (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বুধবার রাতে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুঁড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত হৃদয় ও তাঁর বাবা একটি মোটরসাইকেলে পালা করে ভাড়ায় যাত্রী পরিবহন করে। সন্ধ্যায় ছেলে রাজিব ওরফে হৃদয় পহলানের (১৬) যাত্রী নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে না গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ছিলো। এসময় বাবা বেল্লাল পহলান রাগে বন্ধুদের সামনে ছেলেকে বকাঝকা করে। ওই ক্ষোভে-লজ্জায় রাতে বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে রাজিব আত্মহত্যা করে।

এছাড়া বছর খানেক আগে রাজিবের বাবা দ্বিতীয় বিয়ে করে এবং এক মাস আগে তাঁর মাকে তালাক দেয়। ওরা তিন ভাইবোন সৎ মায়ের কাছে থাকতো। এনিয়েও রাজিব মানসিকভাবে বিপর্যস্ত ছিলো।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ছেলেটি কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। স্থানীয়দের অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর