দিনাজপুরে ২০ লাখ টাকার বালুমহালের জামানত বাজেয়াপ্ত

দিনাজপুরে ৩টি বালুমহালের প্রায় ২০ লাখ টাকা ইজারার জামানত বাজেয়াপ্ত করেছে দিনাজপুর জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক কার্যবিবরণীতে এই তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, বাংলা ১৪২৭ সনে দিনাজপুর জেলায় ৩১ টি বালুমহালের বিপরীতে দরপত্র আহবান করা হয়েছিল। তার মধ্যে ২৯টি বালুমহাল ১৪২৭ সনের জন্য ইজারা প্রদান করা হয়। কিন্তু ৩টি বালুমহালের ইজারামূল্যসহ সমুদয় অর্থ পরিশোধ না করায় সদর উপজেলার সুইহারী আশ্রমপাড়ার কপিলেশ্বর বসাকের উলটগাঁও বালুমহালের ১৫ লাখ ২১ হাজার টাকার বিপরীতে ৪ লাখ টাকা জামানত হিসেবে দেওয়ার পর বাকি টাকা পরিশোধ না করায় বালুমহালের ইজারা ও ইজারাদারের তালিকাভুক্তি বাতিল করা হয়েছে।

এছাড়াও সদর উপজেলার বালু ব্যবসায়ী সত্য ঘোষ ১৪২৭ সনের জন্য বিরল উপজেলার সাকইর বালুমহালটি ৪১ লাখ টাকা ইজারার বিপরীতে ১৪ লাখ টাকা জামানত হিসেবে দেওয়ার পর বাকি টাকা পরিশোধ না করায় বালুমহালের ইজারার ১৪ লাখ টাকা জামানত বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে ইজারাদারের তালিকাভুক্তিও বাতিল করা হয়েছে।

শহরের ঘাসিপাড়া এলাকার তৈয়ব উদ্দিন চৌধুরী কাহারোল উপজেলার পরমেশপুর বালুমহালের ৬ লাখ টাকা ইজারা মূল্যের বিপরীতে ১ লাখ ৫০ হাজার টাকা জামানত হিসেবে দেওয়ার পর বাকি সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ না করায় বালুমহাল বাবদ জামানত হিসেবে দেড় লাখ টাকা বাজেয়াপ্তসহ ইজারাদারের তালিকাভুক্তি বাতিল করা হয়েছে বলে জানা যায়।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির এক সভায় জেলার ৩টি বালুমহালের ইজারার টাকা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও পরিশোধ না করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০১১ এর ১১(১) ধারা অনুযায়ী ইজারাদার কর্তৃক ইজারামূল্যসহ সমুদয় অর্থ পরিশোধ করতে না পারায় তাদের দাখিলকৃত জামানত বাবদ মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘প্রতি বছর দিনাজপুরের ৩১টি বালুমহাল সরকারিবিধি বিধান মোতাবেক ইজারা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বাংলা ১৪২৭ সনের জন্য আমরা ৩১টি বালুমহালের বিপরীতে ২৯টি বালুমহাল ইজারা দিতে সক্ষম হই। কিন্তু সদরের একটি, বিরলের একটি ও কাহারোল উপজেলার একটি করে মোট ৩টি বালুমহাল নির্দিষ্ট সময়ে তাদের ইজারাকৃত সমুদয় মূল্য পরিশোধ করতে না পারায় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধি অনুযায়ী তাদের জামানতকৃত অর্থ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছ। আমরা পুনঃবিজ্ঞপ্তি দিয়ে আবার নতুন করে অবশিষ্ট সময়ের জন্য বালুমহাল গুলো ইজারা দিব।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর