১৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে ভালুকার টেক্সটাইল মিলের আগুন

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত বাদশা টেক্সটাইল (বিটিএল) মিলের তুলার গুদামে লাগা ভয়াবহ আগুন ১৫ ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনও জানা যায়নি অগ্নিকান্ডের কারণ।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মিলের অভ্যন্তরে একটি তুলার গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তুলার গুদাম থেকে ধূয়া উঠতে দেখে ভালুকা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ভালুকার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।

এরপর ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা ও গাজীপুরের শ্রীপুর ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল হোসেনের নেতৃত্বে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ৫টি ইউনিট চলে যায়। ভালুকা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোম্পানির জিএম মোশারফ হোসেন মিঠু জানান, অগ্নিকাণ্ডে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।১৫ ঘণ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও বলা যাচ্ছে না, বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর