সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

পাবনার চাটমোহরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুল কুমার জোয়ার্দ্দার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

মামলায় হরিপুর ইউপি চেয়ারম্যান ও হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মকবুল হোসেনকে এক নম্বর এবং অধ্যক্ষ আলী হায়দার সরদারকে নয় নম্বর আসামী করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলেন, কলেজের গভর্নিং বডির সদস্য- আতিকুল ইসলাম, শাহজালাল উদ্দিন, মোশারফ হোসেন, আজাদ হোসেন, প্রণবী রানী, সিরাজুল ইসলাম ও গোলজার হোসেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় একই জায়গায় অবস্থিত। প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ পুরানো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় অতি সম্প্রতি সেখানে একটি নতুন ভবনের অনুমোদন হয়। কিন্তু সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এবং দরপত্র ছাড়াই শুধুমাত্র ম্যানেজিং কমিটির রেজুলেশনের মাধ্যমে ১৪টি গাছ স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় কলেজ কর্তৃপক্ষ।

সেই মোতাবেক গত সোমবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানের ভেতরে এবং প্রাচীরের নিকটবর্তী সরকারি রাস্তার পাশ থেকে মেহগনি, আম, কাঁঠাল, দেবদারুসহ মোট ৬টি গাছ কাটা হয়। স্থানীয়রা এর প্রতিবাদ জানালেও কলেজ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করায় বিষয়টি ইউএনও সরকার মোহাম্মদ রায়হানকে জানালে তিনি গাছ কাটা বন্ধ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে শুধুমাত্র ম্যানেজিং কমিটির রেজুলেশনের মাধ্যমে সরকারি গাছ কাটা হয়েছে। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় থানায় এজাহার দেয়া হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এজাহার দায়েরের পর মামলা নেয়া হয়েছে। আসামীরা পলাতক রয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর