বাকৃবিতে বই রিভিউ প্রতিযোগিতা ‘অবসরে অবেক্ষণ’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অর্গানাইজার্স সোসাইটির (বাউওএস) বই রিভিউ প্রতিযোগিতা ‘অবসরে অবেক্ষণ’ আয়োজিত হয়েছে। অনলাইনে বিভিন্ন বইয়ের রিভিউ আহবান করে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এ প্রতিযোগিতাটি আয়োজিত হয়।

২০২০ সালের শুরুতে একঝাঁক উদ্যম তরুণ-তরুণীদের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বৃদ্ধি করে দক্ষ সংগঠক তৈরির লক্ষ্যে নতুন বাউওএস এর যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের উন্মুক্ত জায়গা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা অর্জন করার জন্য বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়। পারস্পারিক সাহায্য ও সহযোগীতায় তারা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্গানাইজার্স সোসাইটির সিনিয়র সদস্য এবং বই রিভিউ প্রতিযোগিতার কো-অর্ডিনেটর আবু সায়েম দোসর বলেন, করোনায় ঘরে বসে অনেকে অলস সময় কাটাচ্ছে। তাই তাদের সময়কে কাজে লাগানোর জন্যেই এ উদ্যোগ গ্রহণ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। অসাধারণ সব বইয়ের চমৎকার রিভিউ লিখে জমা দেয় বইপ্রেমী শিক্ষার্থীরা। সাথে থাকে সেই বইয়ের কিছু অনবদ্য ছবি।

সেখানে পাঠকদের মূল্যবান মতামতও পাওয়া যায়। এরপর শতাধিক রিভিউ বিচারকদের হাতে বিচারকার্যের জন্য চলে যায়। বিচারকদের নম্বর এবং পাঠকদের মূল্যবান ভোটের মাধ্যমে বাছাই করা হয় ‘সেরা পাঁচ’ অবেক্ষক। পাশাপাশি আরও ৫ জন অবেক্ষকদের দেয়া হয় ‘অনারেবল মেনশন’ সম্মাননা।

গত ৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্গানাইজার্স সোসাইটির সদস্য জয়তু কুমার মন্ডলের সঞ্চালনায় সরাসরি ফলাফল ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অর্গানাইজার্স সোসাইটির পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের সহযোগি অধ্যাপক ড. আফরিনা মুশতারি।

বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন শিহাব সাকিব ঈশান এবং বাকৃবির দুজন সাবেক ছাত্র মাহাদি হাসান রাতুল ও সাদ আহমেদ শাকিল। ফলাফলে মোট দশজনের নাম ঘোষণা করা হয়। ফলাফলে সেরা পাঁচে জায়গা করে নেন শাম্মি আক্তার, আকিকুর রেজা, সাদিয়া ইসলাম সিনজা, ইফতেখার নাঈম ও রশীদ আরিফ। পাশাপাশি ‘অনারেবল মেনশন’ অর্জন করেন আশিকুজ্জামান আবীর, নাফিউল ইসলাম, মাহফুজ টুটুল, তাহুরা স্মৃতি ও মাশফিয়া রহমান। উপহার হিসেবে মোট ১০ জন অবেক্ষকের হাতে পৌঁছে যায় চমৎকার কিছু বই।

তিনি আরোও জানান, বাউওএস সংগঠনের সদস্য তাহমিদ হাসানের সম্পাদনায় প্রতিযোগিদের লেখা সব রিভিউ একসাথে নিয়ে একটি ইবুক তৈরি করা হয়েছে যা বাংলাদেশে প্রথম বই রিভিউ সম্বলিত একটি প্রকাশনা। প্রতিযোগিতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের প্রশংসা করেন।

অর্গানাইজার্স সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, বছর জুড়েই এমন অনেক আয়োজন থাকবে তাদের পক্ষ থেকে। এসব আয়োজনের মধ্য দিয়েই আস্তে আস্তে দক্ষ সংগঠক তৈরির প্রক্রিয়া চলমান থাকবে। পাশাপাশি আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন কর্মশালার ব্যবস্থাও থাকবে।

আরও জানায়, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই একজন ছাত্র যেন নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে পারে সে সুযোগ দেয়ার লক্ষেই এই সংগঠনের পথচলা শুরু। যা সামনে আরও বড় পরিসরে সবার মাঝে প্রকাশিত হবে। নির্দিষ্টভাবে দক্ষতা উন্নয়নের জন্য নিয়োজিত এমন একটি সংগঠন ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্গানাইজার্স সোসাইটির’ পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনটির সদস্যবৃন্দ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর