রিজেন্ড গ্রুপের চেয়ারম্যান শাহেদকে গ্রেপ্তার একটী নাটক বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। একইসাথে তিনি জানিয়েছেন হাওয়া ভবনের সাথে শাহেদের কোনো সম্পৃক্ততা নেই।
আজ (বুধবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ-ড্যাব) আয়োজিত ‘করোনাভাইরাস প্রতিরোধে লক্ষণভিত্তিক চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, ‘এই যে রিজেন্টের শাহেদকে গ্রেপ্তার করা হলো, এটা নাটক। সাহেদের মা আওয়ামী মহিলা লীগের নেত্রী। তাহলে শাহেদ হাওয়া ভবনের লোক হয় কী করে? তার কেলেঙ্কারী ফাঁস হওয়ার আগে তো তিনি আওয়ামী লীগেরই লোক। আসলে যেমন সাহেদ তেমন তার সরকার।’
তিনি বলেন, ‘আসলে সুধা ভবনের লোক দুর্নীতি করলে তারা হাওয়া ভবনের লোক হয়ে যায়। এসব বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটাই আওয়ামী লীগের নীতি। তারা তো মৃত মানুষের নামে হজ্জ পালনরত মানুষের নামে মামলা দিয়েছে। কারণ জিয়াউর রহমানের জনপ্রিয়তায় ভিতু হয়ে শেখ হাসিনা এসব করছেন।’
ডা. অহিদুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি ডা. শামসুজ্জোহা আলম, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল আলম সেলিম, মহাসচিব ডা. শাহজালাল আহমেদ প্রমুখ বক্তব্যে রাখেন।
বার্তাবাজার/এসজে