উপমহাদেশের প্লে-ব্যাক সম্রাটখ্যাত এন্ড্রু কিশোরের নামে একটি সড়ক ও সংগীত বিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ (বুধবার) দুপুরে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় খ্রিস্টানদের কবস্থানে এন্ড্রু কিশোরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এই ঘোষণা দেন।
রাসিক মেয়র বলেন, এন্ড্রু কিশোরের নামে শুধু রাজশাহী নয়, ঢাকাতেও সংগীত চর্চাসহ বিভিন্ন প্রতিষ্ঠান করা যেতে পারে। এজন্য করোনা পরিস্থিতির উন্নতি হলে আমি ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলব। আমি মেয়র হিসেবে রাজশাহীতে এন্ড্রু কিশোরের নামে একটি সড়কের নামকরণ ও একটি সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করব।
তিনি আরও বলেন, আমি ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা আমরা দুজনে মিলে এন্ড্রু কিশোরের রাষ্ট্রীয় পদক পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করব। এ ব্যাপারে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আজ ০৬ জুলাই ২০২০ সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তাঁর বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে দেশে-বিদেশে তাঁ অগণিত ভক্তের মাঝে।
বার্তাবাজার/এসজে