চিরিরবন্দরে করোনা আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইছামতি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুর রহমান (৬৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ (১৫ জুলাই) ভোররাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এর আগে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান করোনা উপসর্গ নিয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় গত ৩০ জুন হাসপাতালে আসেন। সেখান থেকে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হলে ওই চেয়ারম্যানের করোনা পজিটিভ আসে। ১৪ দিন হাসপাতালে থাকার পর দ্বিতীয় পরীক্ষায়ও চেয়ারম্যানের করোনা পজিটিভ আসে।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ‘একেএম ফজলুর রহমান গত ৩০ জুন অসুস্থ হলে দিনাজপুর পিসিআর ল্যাবে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে ২ জুলাই চেয়ারম্যানের করোনা পজিটিভ আসে। ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ (১৫ জুলাই) ভোরে তিনি মারা যান। সব নিয়ম মেনেই আজ চেয়ারম্যান ফজলুর রহমানকে তার পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর