সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে সামাজিক দূরত্ব না মেনেই সরকারি জি.আর চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে নওগাঁ ইউনিয়ন পরিষদে ৯শ’ ৬০ জনের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।
সরেজমিনে গেলে দেখা যায়, সামাজিক দূরত্ব না মেনেই চাল সংগ্রহ করছেন কার্ডধারীরা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এপর্যন্ত তাড়াশ উপজেলায় আক্রান্ত হয়েছে ২৫ জন।
এরপরও দেখা মিলছেনা বিন্দু পরিমাণ সচেতনতা। এদিকে নিম্ন আয়ের মানুষগুলো ছুটছেন ত্রাণের আশায় । সরকার সকলকেই সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দিলেও মানছেন না অনেকেই।
এদিকে ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই চাল বিতরণ করাকে করোনা পরিস্থিতি মোকাবিলায় হুমকি স্বরূপ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অত্র ইউপি সচিব সেলিম রেজা বলেন, মানুষকে বললেও শোনে না। তাই এভাবেই চাল দিতে হচ্ছে।
অপরদিকে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার আল-আমিন জানান, কেউ সামাজিক দূরত্ব মানছেনা। এভাবে যদি বিতরণ হয় তাহলে আমি আর এই চাল বিতরণে আসবো না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু মুঠোফোনে বলেন, মানুষকে সচেতন হতে বললেও তারা মানে না। এখন আমি কি করবো।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান’কে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বার্তা বাজার / ডি.এস