সুধা সদনের লোক দুর্নীতি করলে তারা হাওয়া ভবনের লোক হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৫ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষণভিত্তিক চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রিজেন্টের সাহেদ যেমন তার সরকারও তেমন। কেননা জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে। রিজেন্টের শাহেদকে গ্রেফতারের বিষয়টি কোনো নাটক কি-না তা নিয়েও সংশয় প্রকাশ করেন রিজভী।
তিনি আরও বলেন, আজকে জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে। কিন্তু তাদের ধরা হয় না। আর আমাদের মানিকগঞ্জের ছোটো মেয়ে পলি, নোয়াখালীর টিটু হায়দার ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামকে গ্রেফতার করেন।
সাহেদের গ্রেফতারের ঘটনাকে নাটক উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সাহেদ হাওয়া ভবনের লোক হয় কী করে? তার কেলেংকারি ফাঁস হওয়ার আগে তো তিনি আওয়ামী লীগেরই লোক। তার অতীতের টকশোতে বক্তব্যে শোনা যায় যে, সেনাপ্রধান থেকে শুরু করে সিপাহী এবং আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত ও সচিব থেকে চৌকিদার পর্যন্ত সবাই এই সরকারকে চায়। আসলে যেমন সাহেদ তেমন তার সরকার।
জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, আসলে সুধা সদনের লোক দুর্নীতি করলে তারা হাওয়া ভবনের লোক হয়ে যায়। এসব বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটাই আওয়ামী লীগের নীতি। তারা তো মৃত মানুষের নামে হজ পালনরত মানুষের নামে মামলা দিয়েছে। কারণ, জিয়াউর রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে শেখ হাসিনা এসব করছে। আজকে খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মূলত যারাই জনগণের জন্য কাজ করে তাদের কারাগারে পাঠানো হয়। এখন আপনারা যা কিছু বলেন না কেন, জনগণ তা বিশ্বাস করে না।
হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ-ড্যাব) আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি ডা. শামসুজ্জোহা আলম, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল আলম সেলিম, মহাসচিব ডা. শাহজালাল আহমেদ প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস