উত্তরায় সাহেদকে নিয়ে অভিযানে র‌্যাব

রাজধানীর রিজেন্ট হাসপাতালের চেয়ার‌্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে নিয়ে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ফ্লাটে অভিযান শুরু করেছে র‌্যাব। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব এই অভিযান শুরু করে।

দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতারকৃত সাহেদকে নিয়ে ওই ভবনের ভেতরে প্রবেশ করে র‌্যাব। তখন তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা ছিলেন। এর আগে সোয়া ১২টায় ওই ভবনে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম প্রবেশ করেন।

র‍্যাব জানিয়েছে, রিজেন্ট হাসপাতালের চেয়ার‌্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে নিয়ে এই ভবনের ৪(এ) নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হচ্ছে। ভবনটি আজ বুধবার সকাল থেকে ঘিরে রাখে র‌্যাব। তবে এটি সাহেদের নিজস্ব ফ্ল্যাট কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘিরে রাখা ওই ভবনের নিচে অবস্থান করছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ। তিনি গণমাধ্যমকে জানান, আমরা একটা তথ্যের ভিত্তিতে এখানে (উত্তরা) এসেছি, তথ্য যাচাই করে বিস্তারিত বলতে পারব। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। প্রক্রিয়া শেষ হলে আপনাদের জানানো হবে।

এর আগে, আজ (বুধবার) ভোর ৫টা ১০ মিনিটে সাহেদকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের পর তাকে র‌্যাবের নিজস্ব হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর