করোনাভাইরাস পরিস্থিতিতে কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানসমূহ ও শিক্ষক কর্মচারীদের বাঁচাতে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জামালপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন। বুধবার সকালে শহরের বকুলতলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জামালপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ছানোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক এম.এ. রফিক, মেলান্দহ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম, মাদারগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আঃ জব্বার, ইসলামপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি গুরুদাস, দেওয়ানগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম-আহবায়ক মোছাঃ রাশেদা আফরোজ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জেলার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ফি’র টাকায় বেতন পান। চার মাস যাবৎ প্রতিষ্ঠানগুলো বন্ধ। অভিভাবকদের কাছ থেকে কোনো রকম ফি তাঁরা নিতে পারছেন না। তাই কোনো শিক্ষক-কর্মচারীকেও প্রতিষ্ঠানগুলো বেতন দিতে পারছেন না। ভাড়ায় থাকা স্কুলগুলোর অবস্থা আরও বেগতিক। প্রাতিষ্ঠানিক ভাড়া, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় প্রতিষ্ঠান প্রধানদের। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহযোগিতা ও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বার্তা বাজার / ডি.এস