গাংনীতে পানিবন্দি ৬ পরিবারের মানবেতর জীবন যাপন

কয়েকদিনের বৃষ্টির পানিতে মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রাামের ঘাটপাড়ায় বসবাসকারী ৬ টি অসচ্ছল পরিবার ১ সপ্তাহ যাবত পানিবন্দি অবস্থায় রয়েছে। ঘরে খাবারের সংকট এবং রান্নার ব্যবস্থা না থাকায় ২ দিন যাবত কষ্টে দিনাতিপাত করছে পরিবারগুলো।

পানিবন্দি হওয়ায় রোগজীবাণুতে আক্রান্ত হচ্ছে ওই পরিবারগুলোসহ এলাকাবাসী। বর্তমানে অপরিকল্পিতভাবে রাস্তা ও ঘরবাড়ি নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়েছে। এবারো বর্ষা মৌসুমে প্রবল বষার্য় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পুকুর-বাড়িতে বৃষ্টির পানিতে থৈ-থৈ করছে।

এতে দুর্ভোগে ঐ গ্রামের ইব্রাহীম আলীর ছেলে লালন ও আবুল হাশেম, মহসিনের স্ত্রী পরিস্কার,কলিমউদ্দীনের ছেলে রশিক ও রশিদ, জামাল হোসেনের স্ত্রী বিলকিচসহ প্রায় ৬টি পরিবার। পানিবন্দি থাকায় রান্না, খাওয়া এমনকি রাত্রি যাপন করতেও মানবেতর অবস্থা দেখা দিয়েছে। জলাবদ্ধতায় এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম নাকাল অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে এলাকাবাসী।

বিশেষ করে বৃদ্ধা-নারী-শিশু, গবাদি পশু গরু, ছাগল, মুরগী ও ছোট ছেলে মেয়েদের চলাফেরা খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে। সাপ ও পানিজাত পোকা বাড়ীতে উঠে আসছে। সবমিলিয়ে মানুষের দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে।

এ ব্যাপারে গ্রামের পানিবন্দি লালনের স্ত্রী রুপালী খাতুন জানান, প্রতি বছরই আমাদের এই মহল্লায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানিবন্দি হয়ে পড়ে প্রায় ৬টি পরিবার। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সুষ্ঠু ব্যবস্থা নিতে মেম্বরের মাধ্যমে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছি।

স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, এ বছরের টানা বর্ষণে অসহায় পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। গাংনী উপজেলা নিবার্হী অফিসার, ইউপি চেয়ারম্যান পানি নিষ্কাশনের আশ্বাস দিয়েও মেরামতে কোনো উদ্যোগ নেননি। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা দূর করতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

গাংনী উপজেলা নিবার্হী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর