মুন্সীগঞ্জে ১০৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে আবারো কারেন্ট জাল জব্দ হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য প্রায় ১০৩ কোটি টাকা। আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ সদরে মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে ৩ কোটি ৪৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন জানায়, কারেন্ট জাল বিরোধী নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদরের দুর্গাবাড়ী এলাকার বিভিন্ন তালাবদ্ধ বাসাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য ৩ কোটি ৪৫ লক্ষ মিটার। এছাড়াও অভিযানে ৬ হাজার ৮ শত পিস ববিন জব্দ করা হয়। যার মূল্য ৬ লক্ষ ৮০ হাজার টাকা।

অভিযানের নেতৃত্ব দেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ। অভিযানে কাউকে আটক করা হয়নি। অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল মিরকাদিম নৌ পুলিশ লাইন্স মাঠে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর