আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রতারণার মহানায়ক শাহেদ করিমকে ধরতে সাতক্ষীরায় অভিযান চালাচ্ছে পুলিশ-বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী। আজ (মঙ্গলবার) ভোর থেকেই এই অভিযান শুরু হয়েছে।
জানা যায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বহুল আলোচিত এই অপরাধী যেন ভারতে পালাতে না পারে তার জন্যই চলছে এই চিরুনি অভিযান। সীমান্তগামী গাড়িগুলোতে চলছে তল্লাশি। বিজিবিও সীমান্তে টহল জোরদার করেছে।
এ বিষয়ে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রহমান জানান, আমাদের গোয়েন্দা নজরদারিও খুব কড়াকড়িভাবে জোরদার করা হয়েছে।সম্ভাব্য সকল স্থানে চলছে অভিযান।
এদিকে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সাতক্ষীরা শহরস্থ কামালনগরের একটি ফ্ল্যাটে গতরাতে অভিযান চালানো হয়েছে, যেখানে শাহেদ করিম সাতক্ষীরা অবস্থানকালে থাকতো। তাছাড়া তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি ঢাকা যুগ্ম জজ ১ম আদালতের সিআর ১৪৮৮ নং মামলার সাজা পাওয়া ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে।
বার্তাবাজার।।এসজে