চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

ঢাকার সাভারে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোর রাতে সাভারের জামসিং জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই অটোরিকশা চালকের নাম মিন্টু শেখ (৩৬)। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে এবং সাভারের ছায়াবিথি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

এব্যাপারে পুলিশ জানায়, সোমবার রাতে রাতে একদল দুর্বৃত্ত উত্তর জামসিং এলাকায় ওই অটোরিকশা চালকের গলায় ছুরিকাঘাত করে সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিন্টু শেখ নামে ওই রিকশাচালককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাহবুবুল হক রনি জানান, দুর্বৃত্তরা ওই রিকশাচালককে হত্যা করে পালিয়ে গেলেও তার রিকশাটি ঘটনাস্থলেই ফেলে রেখে গেছে। এছাড়া নিহতের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। তাই প্রাথমিক ভাবে পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অধিকতর তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করে বলা সম্ভব হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর