কুয়েতে অর্থ ও মানবপাচার করতেন সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুল। আর এ কাজে সহযোগিতার জন্য কুয়েতের জাতীয় পরিষদের দুই সদস্যকে বড় অঙ্কের অর্থ ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি।
পাবলিক প্রসিকিউশনের বরাতে সোমবার (১৩ জুলাই) কুয়েতি সংবাদমাধ্যম জানিয়েছে, এমপি সাদুন হাম্মাদ আল-ওতাইবি ও সালাহ আবদুলরেদা খুরশিদকে মোট ৫ লাখ ৭০ হাজার কুয়েতি দিনার বা ১৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা ঘুষ দেন পাপুল।
ইংরেজি দৈনিক আরব টাইমস লিখেছে, জাতীয় পরিষদের কাছে দুই এমপির দায়মুক্তির বিধান উঠিয়ে নেওয়ার আবেদনে এ তথ্য জানিয়েছে পাবলিক প্রসিকিউশন।
এর মধ্যে আর্থিক লেনদেন এবং বাণিজ্যিক কাজে সহযোগিতার সাদুন হাম্মাদকে ২ লাখ কুয়েতি দিনার পাপুল দেন বলে অভিযোগ করা হয়েছে।
সরকারি কৌঁসুলিরা বলছেন, এক সিরীয় মধ্যস্থতাকারীর মাধ্যমে সাদুন হাম্মামের দক্ষিণ সুরার বাসায় নগদে ৫০ হাজার দিনার পৌঁছে দেওয়া হয়। বাকি দেড় লাখ দিনার দেওয়া হয় চেকের মাধ্যমে।
আরবি দৈনিক আল-কাবাসের খবরে বলা হয়, এমপি সালাহ খুরশিদকে দেওয়া হয় ৩ লাখ ৭০ হাজার কুয়েতি দিনার। তার বাসায় কয়েক কিস্তিতে ওই অর্থ পৌঁছে দেওয়া হয়।
কেএস/বার্তাবাজার