জেকেজি হাতিয়েছে ৮ কোটি টাকা, রিজেন্টের অবৈধ সম্পদের খোঁজে দুদক

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা.সাবরিনা চৌধুরীকে আটক করা হলেও, এখনো পলাতক রয়েছে রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিম। অন্যদিকে সাবরিনার ৮ কোটি টাকা এবং রিজেন্টের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুদক।

রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমের অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগ এই অভিযোগটি অনুসন্ধান করবে বলে নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য।

দুদক জানায়, ডা. সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত (সরকারি চাকরি) থাকাকালে তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহপূর্বক ১৫ হাজার ৪৬০টি ভুয়া মেডিকেল রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক।

ইতোমধ্যে কমিশনের সংশ্লিষ্ট অনুবিভাগ বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, ভার্চ্যুয়াল মাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে ডা. সাবরিনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সংগ্রহ করেছে। এসব অভিযোগ কমিশনের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল কমিশনে উপস্থাপন করা হলে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে এই অভিযোগটি অনুসন্ধান করা হবে। শিগগিরই অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর