বেনাপোল কাস্টমসে ৮ মাসেও উদ্ধার হয়নি চুরি হওয়া ১৯ কেজি সোনা

যশোরের বেনাপোল কাস্টমস এর লকার ভেঙে ১৯ কেজি সোনা চুরির ঘটনায় আট মাস পার হলেও এখনো পর্যন্ত সেই সোনা উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় দুইজনকে আটক করেছে সিআইডি পুলিশ।

বেনাপোল কাস্টমস এর কমিশনার বেলাল চৌধুরী দায়িত্বে থাকাকালীন সময়ে এই চুরির ঘটনা ঘটে।সোনা চুরির ঘটনাটি সিআইডি তদন্ত করছে। বেনাপোল বন্দরে চোরাকারবারীদের কাছ থেকে জব্দ করা সোনাসহ মূল্যবান সম্পদ জমা রাখা হয় কাস্টমস হাউসের লকারে।

গত বছরের (৯ নভেম্বর ২০২০) লকার থেকে চুরি হয় ১৯ কেজি সোনা। ওই লকারে থাকা আরও সোনা, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য সম্পদ অক্ষত অবস্থায় ছিল।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এর সভাপতি মফিজুর রহমান সজন বলেন, সিসি ক্যামেরার নিরাপত্তার মধ্যে চুরির ঘটনা ঘটেছে। এখন তথ্য—প্রযুক্তির সময় প্রশাসন যদি আন্তরিক হয়ে কাজ করে চোর ধরা কোন কঠিন কাজ হবে না।

বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার নেয়ামুল ইসলাম বলেন, সোনা চুরির ঘটনা কাস্টমসের সব অর্জনকে যেন ম্লান করে দিয়েছে। চোর দ্রুত ধরা দরকার যেন আর কেউ ভবিষ্যতে সরকারের কোন সম্পদ চুরি করতে সাহস না পায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, এখন পর্যন্ত চুরি হওয়ার সোনা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মামলাটি পোর্টথানা থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন তারা বিষয়টি দেখছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর