চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকার ঝর্ণায় পড়ে মারা গেছে সাইফুর রহমান মুন্না (২৫) নামে এক যুবক।
সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে চবির নির্মাণাধীন নতুন কলা অনুষদের পেছনের ঝর্ণায় পড়ে হাটহাজারী কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাইফুর রহমান মুন্না (২৫) মারা যান।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইকবাল জানান, চবি’র নির্মাণাধীন নতুন কলা অনুষদ ভবনের পাশে পাহাড়ে নিহত মুন্নাদের সবজির বাগান রয়েছে। সবজি বাগান হতে ফেরার পথে ঝর্ণার পাশ দিয়ে আসার সময় পা পিছলে মুন্না পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মুন্নার মরদেহ উদ্ধার করে।
হাটহাজারী ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর জানান, চবি’র ঝর্ণায় এক যুবকের পড়ে যাওয়ার খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। চার সদস্যের ডুবুরি টিমের টানা দুই ঘণ্টার চেষ্টায় মুন্নার মরদেহ উদ্ধার করা হয়।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘কয়েকজন বহিরাগত যুবক ঝর্ণার দিকে গিয়েছিল। তাদের মধ্য থেকে একজন ঝর্ণায় পড়ে নিখোঁজ হয়েছে খবর পেয়ে আমরা নিরাপত্তা দফতর ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান চালাই। পরে ঝর্ণার পানি থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ বিভাগের প্রথমবর্ষের দুই শিক্ষার্থী ঝর্ণায় পড়ে নিহত হন।
বার্তাবাজার/এমকে