দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৩৯১ জন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৫ শতাংশ।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৩৯১ জন।
এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৮৯০ জন আর নারী ৫০১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। এ পর্যন্ত সুস্থ ৯৮ হাজার ৩১৭ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিভাজনে ০-১০ বছরের মধ্যে একজন, ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৩ জন এবং ৮১-৯০ বছরের একজন মারা গেছেন।
ডা. নাসিমা আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৭ জন, বরিশালে ৩ জন, রংপুরে ও সিলেটে ২ জন করে এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৪৩ জন এবং বাড়িতে ৪ জন মারা গেছেন।
বার্তাবাজার/কে.জে.পি