টানা বৃষ্টিতে খাগড়াছড়ি ও হবিগঞ্জে পাহাড় ধসের আশঙ্কা

টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের প্রাণহানির শঙ্কা রয়েছে। পাহাড় ধসের আশঙ্কার মধ্যেও খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশে সহস্রাধিক পরিবার মৃত্যুর চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে। এরইমধ্যে কোনো কোনো এলাকায় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের পাহাড়েও ধস নেমেছে। হুমকিতে পাহাড়ে বসবাসরত ত্রিপুরাপল্লির ২৪ পরিবারের শতাধিক মানুষ। কয়েকদিনের বৃষ্টিতে পাহাড় ধস আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন খাগড়াছড়ি সদরের শত শত পরিবার। এরইমধ্যে কোনো কোনো এলাকায় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।

প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে বাস করা মানুষের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান,’আতঙ্কে থাকি। প্রতি বছরই তো পাহাড় ধস হয়। ভয়ে রাতে ঘূমাতে পারি না। বৃষ্টি আসলে যদি পাহাড় ভেঙ্গে পড়ে।’

অপরিকল্পিতভাবে বসতভিটা গড়ে ওঠার কারণে বৃষ্টি হলেই পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়। খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, ‘অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণেই এখন অল্প বৃষ্টিতে পাহাড় ধস হয়। সমন্বিত পরিকল্পনার আদলে এনে তাদেরকে প্রতি বছর বর্ষার মৌসুমে যে ঝঁকির কথা আসে সেখান থেকে উত্তরণের চেষ্টা করতে হবে বলে আমি মনে করি।’

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ধস নামে পাহাড়ে। ফলে ত্রিপুরাপল্লির যাতায়াতের একমাত্র রাস্তাটিসহ ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি।

দ্রুত ব্যবস্থা না নিলে ঘটতে পারে বড় দুর্ঘটনা; এমন আশঙ্কা ত্রিপুরাপল্লির বাসিন্দাদের। তারা জানান,’একটু বৃষ্টি হলে আমরা ভয় ঘুমাতে পারি না। আমরা হুমকির মুখে।’

পরিবারগুলোর বসবাস নিরাপদ করতে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। হবিগঞ্জের সাতছড়ির ত্রিপুরাপল্লির হেডম্যান চিত্ত রঞ্জন বর্মন বলেন,’আমরা খুব আতঙ্কে আছি।আমরা মন্ত্রী, চেয়ারম্যানকে বলেও কোন কাজ হচ্ছে না। ভোটের আগে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ভোটের পর ভুলে গেছেন।’

হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, ‘পাহাড়ের কিনারে যে বাড়িগুলো আছে সেগুলো সরানোর ব্যবস্থা করেছি। প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকেও যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশা করছি অচিরেই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর