আরও ৪৯ আনসার সদস্য করোনায় আক্রান্ত

দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। তারই ধারাবাহিকতায় আরও ৪৯ জন আনসার সদস্য প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১২ জুলাই) পর্যন্ত ১৩ কর্মকর্তাসহ মোট ৮৩৬ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাহিনীটিতে সারা দেশের তুলনায় রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। রাজধানীতেই আক্রান্ত হয়েছে ৪৬৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত ৩৭৩ জন। করোনার সংকটময় মুহূর্তে বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন বাহিনীর সদস্যরা।

করোনায় সকল সদস্যকে পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রীসহ নিরাপদ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। তিনি বলেছেন, যতদিন পর্যন্ত এ সমস্যার উত্তরণ না হয় ততদিন পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাবে এ বাহিনীর মাঠ পর্যায়ের সদস্যরা।

রোববার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, বাহিনীর সদস্যরা সারা দেশের জনসাধারণকে সচেতন করতে কাজ করছেন এবং নিরাপদ দূরত্ব মেনে চলতে আহ্বান জানাচ্ছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর