পাঁচটি প্রতিষ্ঠানের আরটি পিসিআর ল্যাব তথা করোনাভাইরাসের নমুনা পরীক্ষার অনুমোদন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
প্রতিষ্ঠান পাঁচটি হলো– কেয়ার মেডিকেল কলেজ, এপিক হেলথ কেয়ার, থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, স্টিমজ হেলথ কেয়ার (বিডি) লি. এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজ।
রোববার পৃথক চিঠিতে এসব প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন স্থগিত করার কথা জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ।
প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্য করে ডা. নাসিমা সুলতানা বলেন, অধিদফতর আপনার প্রতিষ্ঠানকে কোভিড-১৯ আরটি পিসিআর পরীক্ষার অনুমোদন দেয়ার পরেও অদ্যাবধি কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছেন।
‘এ কারণে আরটি পিসিআর পরীক্ষার অনুমোদন সাময়িক স্থগিত করা হল। ল্যাবরেটরি সম্পূর্ণভাবে আরটি পিসিআর পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া সাপেক্ষে পুনরায় আবেদন করতে হবে।’
তিনি বলেন, কিটের অনাপত্তি ওষুধ প্রশাসন অধিদফতর থেকে নিতে হবে। পরবর্তীতে সরেজমিন পরিদর্শন রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালে নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির পর স্বাস্থ্য অধিদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
বার্তা বাজার / ডি.এস