করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার পাশাপাশি রিকশা ও ভ্যানগাড়ির নকল লাইসেন্স দেওয়ার ব্যবসাও করতেন আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম।
শনিবার (১১ জুলাই) রাজধানীর উত্তরায় প্রধান শাখায় অভিযান চালিয়ে রিকশা-ভ্যানের ভুয়া লাইসেন্স উদ্ধার করে র্যাব। লাইসেন্সগুলোতে ইস্যু দানকারী হিসেবে সাহেদের নাম ও নম্বর থাকতো।
এ বিষয়ে রোববার (১২ জুলাই) সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, করোনার ভুয়া রিপোর্ট থেকে শুরু করে রিজেন্টের মালিক সাহেদ ভুয়া রিকশা ও ভ্যানের লাইসেন্স দেওয়ার ব্যবসা করতেন। শনিবার রিজেন্টের উত্তরায় প্রধান শাখায় অভিযান চালিয়ে পাঁচশ অধিক রিকশা ও দুইশ মতো ভ্যানের ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ভুয়া লাইসেন্স দেওয়া সেই যানবাহনগুলো তুরাগ রানাভোলা এলাকায় চলাচল করতো। প্রতি লাইসেন্স বানানোর জন্য দুই হাজার করে টাকা নিতেন ও সেই লাইসেন্সগুলো প্রতি মাসে নবায়ন করার জন্য পাঁচশত টাকা করে নিতেন
উল্লেখ্য, গত ৬ জুলাই (সোমবার) নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট ও সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের দু’টি হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় রিজেন্ট হাসপাতালের পরিচালক ও ব্যবস্থাপকসহ আট জনকে আটক করেছে র্যাব।
বার্তাবাজার/এসজে