বদলি নয়, অপরাধ করলে বরখাস্ত: স্থানীয় সরকারমন্ত্রী

দেশের উন্নয়ন প্রকল্পে কোনো অনিয়ম হলে তার শাস্তি হিসাবে বদলি নয় বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। একইসাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবেও বলে তিনি জানান।

আজ (রোববার) সচিবালয়ে এক অনলাইন সভায় সভাপতি হিসাবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট যে স্তরের কর্মকর্তা-কর্মচারী নিম্নমানের কাজে জড়িত থাকবে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।মন্দ কাজের জন্য যেমন তিরস্কার বা বরখাস্তের ব্যবস্থা থাকবে তেমনি ভালো কাজের সাথে যারা জড়িত তাদের পুরষ্কৃতও করা হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, ডিপিএইচই, সকল ওয়াসা, সকল সিটি করপোরেশন, এনআইএলজি এবং স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে স্থানীয় সরকারমন্ত্রীকে অবহিত করা হয়।

স্থানীয় সরকার বিভাগের অধীনে ২০১৯-২০ অর্থবছরে ২৫৬টি বাস্তবায়নাধীন প্রকল্পের জুন পর্যন্ত অগ্রগতি ৮১ দশমিক ৪৯ ভাগ, যা গত বছর ছিল ৯৫ দশমিক ৪২ ভাগ। মার্চ থেকে জুন পর্যন্ত প্রকল্প কাজের মৌসুম হলেও করোনা মহামারির কারণে কাজ বন্ধ থাকায় এ বছর কাজের অগ্রগতি কিছুটা কম হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর