করোনায় মৃত ৪৭ জনের ৩৬ জনই পুরুষ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৬৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৩৫২ জন।

রবিবার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৪৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১১ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৩৫২ জন।

এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৮৬০ জন আর নারী ৪৯২ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন। এ পর্যন্ত সুস্থ ৯৩ হাজার ৬১৪ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর