ভারতে প্রতিনিয়তই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ হাজারের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। ভারতে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত।
দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, শনিবার নতুন করে আরও ২৭ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। যা প্রাদুর্ভাব শুরুর পর এযাবৎকালে ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান শনিবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলছে, ভারতে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে আট লাখের কাছাকাছি চলে গেছে। ফলে অনেক রাজ্য অর্থনৈতিক ক্ষতির কথা না ভেবে লকডাউন পুনর্বহাল করতে শুরু করেছে।
বিশ্বে করোনায় আক্রান্ত শীর্ষ তিনটি দেশের একটি হলো ভারত। গত শনিবার নতুন করে শনাক্তের সংখ্যা ২৭ হাজার ১১৪ জন। তবে করোনায় মারাত্মকভাবে বিপর্যস্ত অন্য দেশগুলোর তুলনায় ভারতে মৃত্যুর হার কিছুটা কম। এখন পর্যন্ত আক্রান্ত প্রায় সাড়ে আট লাখের মধ্যে দেশটিতে প্রাণহানির সংখ্যা ২২ হাজার ১২৩ জন।
দুই কোটি ত্রিশ লাখ মানুষের বসতি ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করেছে। এছাড়া আরও কয়েকটি রাজ্য সংক্রমিত মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে বেশি সংক্রমিত জেলাগুলোতে ফের লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞা চাল করেছে। তবে গোটা ভারতে লকডাউন ঢিলেঢালা।
বার্তাবাজার/এমকে