বান্দরবানে সেনা টহল লক্ষ্য করে গুলি চালিয়েছে জেএসএস সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলার অংগাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে।
জেএসএস সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে সন্ধ্যায় সেনাবাহিনীর তিনটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। এসময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ের পশ্চিম দিক থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় সেনাবাহিনী তাদের পিছু ধাওয়া করে এবং ওই এলাকায় অনুসন্ধান চালায়। অনুসন্ধানের এক পর্যায়ে স্থানীয় একজন নারী এবং ৪ বছরের একটি শিশুকে আহত অবস্থায় দেখতে পায়।
আহত নারী ও শিশুটিকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে রওনা দিলে পথিমধ্যে আহত নারীটি মারা যান। মৃতদেহ এবং আহত শিশুটি রোয়াংছড়ি সদর হাসপাতালে রয়েছে।
উল্লেখ্য যে, অংগাইপাড়া অরণ্য সমৃদ্ধ ও পাহাড়ি গহীন এলাকা হওয়ায় সন্ত্রাসীরা সহজেই আত্মগোপন করে।
তবে বর্তমানে অংগাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা গত ৭ই জুলাই বাঘমারা এলাকায় ৬ জন হত্যা ও ৩ জন আহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত।
বার্তা বাজার / ডি.এস