মাগুরায় বাসের ধাক্কায় বিদ্যুৎ বিভাগের দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শ্রীপুর উপজেলার ওয়াপদা কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার বাসিন্দা মফিজ (২৪) ও যশোর জেলার আশরাফুল (৪৫)।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, রাত ৮টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের কালিনগর এলাকায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে বিদ্যুতের খুটিতে কাজ করছিল বিদ্যুৎ বিভাগের শ্রমিকরা। এ সময় রয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মফিজ ও আশরাফুল গুরুতর আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
পুলিশ গোয়ালন্দ ঘাটের কাছ থেকে বাসটি আটক করেছে বলেও জানান ওসি।
বার্তা বাজার / ডি.এস