মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে একজন অজ্ঞাত পুরুষের লাশের সাথে ভাসছে একটি মরা ডলফিন ও একটি মরা গরু।
মাওয়া নৌপুলিশ খবর পেয়ে এগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার(১০ জুলাই) বিকেল সোয়া ৩টায় মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবীর ঘটনাস্থল থেকে জানান, পদ্মা সেতুর লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের পদ্মা নদীর পারের একটি জেটির পাশে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে উঠেছে। তার বয়স আনুমানিক ৪০ হবে। পরনে সাদা শার্ট ও কালো রংয়ের ট্রাউজার। লাশের পাশে একটি ডলফিন ও গরুর লাশও ভাসছে। খবর পেয়ে নৌপুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশসহ ডলফিন ও গরুর মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এগুলো উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পাশাপাশি লাশটি শনাক্তের জন্য নৌপুলিশ ও থানা পুলিশ চেষ্টা চালাবে।
তিনি আরো জানান, পদ্মায় প্রচুর স্রোত থাকায় এগুলো উদ্ধারে বেগ পেতে হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি