সারা বিশ্বে ভয়ংকর থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। এই ভাইরাসটি এখন আফ্রিকার দিকে আরো বেশি মুখ ঘোরাচ্ছে। উত্তর ও দক্ষিণ আমেরিকায় তাণ্ডব এখনো কমেনি। এরই মাঝে দক্ষিণ আফ্রিকায় ভয়ংকর কালো থাবা বসাচ্ছে করোনা। পরিস্থিতি বুঝে আগে থেকেই লাখ লাখ কবর খুঁড়ে রাখছে দেশটির সরকার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, দক্ষিণ আফ্রিকার গাওতেং প্রদেশেই এসব কবর খোঁড়া হবে। দেশটিতে করোনার সবচেয়ে বড় হট স্পট এই প্রদেশ। প্রদেশটির কর্তৃপক্ষ নিজ দায়িত্বে এসব কবর খুঁড়ছে। অন্তত ১৫ লাখ কবর খোঁড়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাদেশিক কাউন্সিলের সদস্য ডা. বান্দিলে মাসুকু জানান, ‘এটি অস্বস্তিকর একটি সিদ্ধান্ত। এখন জনসাধারণের দায়িত্ব, এসব কবরের যাতে প্রয়োজন না হয়।’
গাওতেং প্রদেশ কর্তৃপক্ষ আগাম এসব কবর খুঁড়তে ব্যবহার করছে স্বয়ংক্রিয় মেশিন। এছাড়া বিপুল সংখ্যক কবরের জন্য নেয়া হয়েছে চাষযোগ্য কৃষি জমিও।
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া এবং দেশটির সবচেয়ে বড় শহর জোহান্সবার্গ গাওতেং প্রদেশেরই অন্তর্ভুক্ত। জোহান্সবার্গ এই অঞ্চলের রাজধানী। আর এই প্রদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে, যা দেশটির মোট আক্রান্তের ৩৩ শতাংশ।
ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত দুই লাখ ২৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশটিতে। এর মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেছেন ৩ হাজার ৬০২ জন।
কে.এ.স/বার্তাবাজার