মনিরামপুরে দিনে দুপুরে ইজিবাইক চালককে গুলি করে হত্যা

যশোরের মণিরামপুর উপজেলার দিগঙ্গা—কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা স্থানে রফিকুল ইসলাম রফি(৫৫) নামে এক ইজিবাইক চালককে দিনের বেলা গলা কেটে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের ডান বুকে ও ডান বাহুতে দুটি গুলির চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।নিহত ব্যক্তি এক সময় নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন।পরে তিনি নিষিদ্ধ দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন, মনিরামপুর উপজেলার মধুপুর গ্রামের মৃত আমারত আলীর ছেলে রফিকুল ইসলাম রফি (৫৫)।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে মরদেহের পাশে পড়ে থাকা রফিকের ইজিবাইকটিও উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, নিহত রফিকুল একসময় খুব দুর্ধর্ষ ছিলেন। তার নামে মণিরামপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে গত কয়েকবছর ধরে তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সুন্দলি বাজারে যাত্রী নামিয়ে দিয়ে মণিরামপুরের দিকে ফিরে আসছিলেন রফিক। দিগঙ্গা—কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা স্থানে পৌঁছুলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে লাশ ও ইজিবাইকটি ফেলে চলে যায়।

কুচলিয়া এলাকার ইউপি সদস্য প্রণবকুমার বিশ্বাস জানান, গুলির শব্দ শুনে মাঠে থাকা লোকজন এগিয়ে এসে রফিকের লাশ ও ইজিবাইকটি পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, কে বা কারা প্রকাশ্যে রফিককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। নিহত রফিকের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তবে মামলাগুলো কী সংক্রান্ত তা এখনই বলা যাচ্ছে না।পুলিশ লাশ ও ইজিবাইকটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। হত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর