গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি জমিতে আশ্রয়ণ প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর-কাজীপাড়া গ্রামের শত শত কৃষক ও এলাকাবাসী এ কর্মসূচী পালন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাখালবুরুজ ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক রাজু খন্দকার, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সজিব, সাদা মিয়া, খবির উদ্দিনসহ উপস্থিত এলাকাবাসী।
এ সময় তারা বলেন, উত্তরকাজিপাড়া গ্রামের আশেরপাশের ৫০০ গজের মধ্যে তিনটি আশ্রয়ন প্রকল্প রয়েছে। যেগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে, কোন ব্যবহার নেই বললেই চলে যা বর্তমানে মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। এর মধ্যে আবারও একই গ্রামে নতুন করে কৃষি জমিতে আশ্রয়ন প্রকল্প তৈরির পায়তারা করছে একটি পক্ষ।
এতে করে কৃষকদের ধান, পাট, আখসহ বিভিন্ন ফসল উৎপাদন চিরতরে বন্ধ হয়ে যাবে। তারা এ অবস্থায় উর্বর কৃষি জমিতে আশ্রয়ন প্রকল্প বাতিলের দাবি জানান পাশাপাশি আশ্রয়ণ প্রকল্প তৈরির নামে স্থানীয় নেতাদের বিরুদ্ধে অর্থ লুটের ক্ষতিয়ে দেখার আহবান জানান।
বার্তাবাজার/অমি