ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা শেখ ওয়াসিম বারিসহ তার বাবা ও ভাইকে হত্যা করেছে বিদ্রোহীরা। তাদের তিনজনের মাথায় গুলি করে বিদ্রোহীরা।
বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে প্রদেশটির বান্দিপোর জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। নিহত ওয়াসিম বান্দিপোরের জেলা বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন। খবর ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের।
জানা যায়, এ সময় ওয়াসিমের নিরাপত্তারক্ষীরা কেউই তার কাছে ছিলেন না। কর্তব্যে গাফিলতির জন্য নিরাপত্তারক্ষীর ওই দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার রাত ৯টার সময় স্থানীয় থানার কাছেই একটি দোকানের বাইরে বসেছিলেন ওই বিজেপি নেতা ও তার ভাই-বাবা। সেখানেই তাদের উপর হামলা করে বিদ্রোহীরা। এরপর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একজন চিকিৎসক জানান, তাদের প্রত্যেকের মাথায় গুলি করা হয়েছিল। আর এ কারণেই তাদের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বিজেপির কেন্দ্রীয় নেতা জিতেন্দ্র সিংহ টুইট করে জানায়, ওয়াসিম বারির হত্যার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খবর নিয়েছেন। তার পরিবারের প্রতি সমবেদনাও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
কাশ্মীর জোন পুলিশ এক টুইটে লিখেছেন, বিদ্রোহীরা বিজেপি নেতা ওয়াসিম বারির, তার বাবা বশির আহমেদ ও ভাই উমর বশিরের উপর হামলা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানান, কর্তব্যে গাফিলতি ও জীবন বাঁচাতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। তিনি টুইটে লিখেছেন, বিদ্রোহীদের হামলায় বিজেপি নেতা হত্যার খবর শুনে দুঃখিত। তার পরিবারের প্রতি সমবেদনা রইলো। মূলধারার রৈজনৈতির নেতাদের উপর বিদ্রোহীদের আক্রমণ এতটুকু কমেনি।
এদেক দেশটির সংবাদ সংস্থা পিটিআই’র বরাত দিয়ে বলা হয়, বিদ্রোহীরা মোটরসাইকেলে করে এসেছিল। তাদের রিভলভারে সাইলেন্সর লাগানো ছিলো। মাত্র ১০ মিটার দূর থেকে ওই বিজেপি নেতা ও তার পরিবারের লোকেদের গুলি করা হয়েছে বলে জানা গেছে।
বার্তাবাজার/অমি