মরণঘাতী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিসেবে আগেই উঠে এসেছিল যুক্তরাষ্ট্রের নাম। এবার প্রথম দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়াল দেশটিতে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলের চেয়ে রোগীর সংখ্যায় প্রায় দ্বিগুণ এগিয়ে যুক্তরাষ্ট্র। এছাড়া আর কোনও দেশ তাদের ধারেকাছেও নেই।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৯ হাজার ৬১১ জন। মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৫৯৪ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৯ লাখ ৩৬ হাজার মানুষ।
মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউইয়র্কে। সেখানে অন্তত ৩২ হাজার ২৪৩ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। এরপর নিউজার্সিতে ১৫ হাজার ২৮১ জন, ম্যাসাচুসেটসে ৮ হাজার ২১৩ জন, ইলিনয়েসে ৭ হাজার ২৭৩ জন মারা গেছেন করোনায়।
কে.এ.স/বার্তাবাজার