রাজশাহীর পুঠিয়ায় একটি চালকলের গুদামে মজুত করা ২৫৫ বস্তা পচা ডাল অভিযান চালিয়ে জব্দ করেছিলেন ভ্রাম্যমান আদালত। সেই ডাল প্রকাশ্যে ধ্বংসের নির্দেশনা দিলেও তা না মেনে সরিয়ে দিয়েছেন মালিকরা।
জানা যায়, গত ২৭ জুন বিকালে পুঠিয়ার ইউএনও ওয়লিউজ্জামান উপজেলার ধোপাপাড়া এলাকার হেদায়েত অ্যান্ড হিজবুল্লা রাইসমিলে অভিযান চালিয়ে ২৫৫ বস্তা পঁচা ডাল জব্দ করেন। একইসাথে ৫ হাজার টাকা জরিমানাও করেন মালিকদের। নির্দেশ দিয়ে যান পঁচা ডাল ধ্বংস করার। পরে ওই দিন রাতেই ডাল মালিক মহিষের গাড়িতে করে তা সরিয়ে নেন।
এ বিষয়ে হেদায়েত অ্যান্ড হিজবুল্লা চালকলের মালিক হাবিবুল্লাহ জানান, আমার চাতালে পাশের একটি ফিড মিলের মালিক ২৫৫ বস্তা পচা ডাল মজুত করেছিলেন। ভ্রাম্যমাণ আদালত ওই ডালগুলো ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মিল মালিক ওই রাতেই পুরো ডালগুলো উজালপুর এলাকায় নিয়ে গেছেন।
জব্দকৃত ডালগুলো ধ্বংস না করে সরিয়ে ফেলার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান জানান, বিষয়টি আমি খতিয়ে দেখছি।
বার্তাবাজার/এসজে