কুষ্টিয়ার কুমারখালীর পদ্মায় দুইটি ডিঙি নৌকাডুবিতে নিখোঁজ চার জনের মধ্যে শরিফুল (৩১) ও জুবা (৩২) নামের দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল।
বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে দেড় কিলোমিটার দুর থেকে জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের জলিল মিস্ত্রির ছেলে শরিফুল এবং বিকাল ৩ টার দিকে একই এলাকা থেকে রঞ্জিতের ছেলে জুবা’র লাশ উদ্ধার করা হয়।
এঘটনায় একই এলাকার হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫) এখনও নিখোঁজ রয়েছে।এরা সবাই পেশায় দিনমজুর। তবে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরী দলের কাজ অব্যাহত রয়েছে।
তথ্য নিশ্চিত করে পাবনা সদর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক সাইফুজ্জামান বলেন,সকাল ৮ টা থেকে ডুবরী দল উদ্ধার কাজ শুরু করে দুপুর সাড়ে ১২ টায় শরিফুল এবং ৩ টার দিকে জুবা’র লাশ ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দুর থেকে উদ্ধার করে।তিনি আরো জানান,আরো দুই জন এখনও নিখোঁজ রয়েছে।তাদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরীদল।লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।ফায়ার সার্ভিসের ডুবরী দল এখন পর্যন্ত দুটি লাশ উদ্ধার করেছে।নিখোঁজ অপর দুইজনকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, ১৩ জন দিনমজুর জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে ইঞ্জিল চালিত করিমনে কুমারখালীর ঘোষপুর এসে দুইটি ডোঙা নৌকায় পদ্মা নদী পাড় হয়ে উলু ঘাস কাঁটাতে চরে যাচ্ছিল।
একটি নৌকায় ছিল নয় জন ও অপর নৌকায় চার জন।নদীর কুল থেকে একটু দুরে যাইতেই পানির প্রবল স্রোতে নৌকা দুটি ডুবে যায়।এরপর নয় জন সাঁতার দিয়ে নদীর কুলে এসে অসুস্থ হয়ে পড়লেও স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং বাকি চার জন নিখোঁজ থাকে।
কে.এ.স/বার্তাবাজার