চৌহালীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

অনিয়ম, দুর্নীতি ও যৌনহয়রানিসহ নানা অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের অপসারণ দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। আব্দুল মতিন উমারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি।

বুধবার (৮ জুলাই) দুপুরে সোলবাজার সড়কে ভুক্তভোগীরা এ মানববন্ধনের আয়োজন করেন। এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হাকিম বেপারী, ইউপি সদস্য হেলাল উদ্দিন, আরফান আলী, মনজু সরকার, পরস, আবদুল মজিদ, রাশেদুল ইসলাম, আবদুল কাদের ও খইমুদ্দিন মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, উমারপুর ইউনিয়ন যমুনার দুর্গম চরে হওয়ায় চেয়ারম্যান আব্দুল মতিন প্রভাব খাটিয়ে ভিজিডি ও ভিজিএফ, করোনাকালীন জিআর চাল, জেলেদের জন্য বরাদ্দকৃত চাল, কর্মসৃজন প্রকল্প, এলজিএসপির সিংহভাগ বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেন।

এলাকার উন্নয়ন কাজে ইউপি সদস্যদের সম্পৃক্ত না করে নিজের লোকদের দিয়ে লুটপাট করেন তিনি। এর প্রতিবাদ করতে গিয়ে এর আগে এক মহিলা ইউপি সদস্যকে নির্যাতন করে কান কেটে দিয়েছিল ইউপি চেয়ারম্যান। এছাড়া এক মহিলা গ্রাম পুলিশকে যৌননির্যাতন করে চাকরিচ্যুত করার অভিযোগ করা হয় মানববন্ধন থেকে।

তার বিরুদ্ধে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এসময় অভিযুক্ত মতিন চেয়ারম্যানের দ্রুত অপসরান দাবিতে বিক্ষোভ ও ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর