বাতাসে করোনা ছড়ানোর তথ্য যাচাই করছে ডাব্লিউএইচও

মরণঘাতী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখা। এমন পরিস্থিতির মাঝেই বাতাসের মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাস- দাবি বিজ্ঞানীদের। এ ঝুঁকির বিষয়টি বিশ্ববাসীকে যথাযথভাবে সতর্ক করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

সম্প্রতি বিশ্বের ২৩৯ বিজ্ঞানী এমন অভিযোগ করে ডাব্লিউএইচওর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন। বিজ্ঞানীদের ওই চিঠি পেয়ে বিষয়টি নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এক ব্রিফিংয়ে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সংস্থাটির বিশেষজ্ঞ কমিটি ভাইরাসটির সংক্রমণ বিষয়ে তথ্য সংগ্রহ করবে এবং এ বিষয়ে তথ্য হালনাগাদ করবে কয়েক দিনের মধ্যেই।

এ ব্যাপারে ডাব্লিউএইচওর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির প্রধান ড. বেনডেট্টা অ্যালিগরানজি জানান, বায়ুর মাধ্যমে রোগটির ছড়ায় বিশেষ করে জনবহুল, আবদ্ধ, পর্যাপ্ত বায়ু চলাচল করেনা এমন এলাকায়- এমন দাবি বাতিল করা যায় না।

বিজ্ঞানীরা জানান, বাতাসে দীর্ঘক্ষণ করোনাভাইরাস টিকে থাকে এবং বাতাসের মাধ্যমে তা মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে।

তবে শুধু বাতাসের মাধ্যমে নয় আরও একটি পদ্ধতিতে করোনাভাইরাস ছড়ায়, সেটি হলো চোখ, নাক বা মুখ স্পর্শ করা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর