করোনার দ্বিতীয় ধকলে বিশ্ব পর্যটনে অনেক দেশের পর্যটন খাত আরো বিপর্যস্ত হয়ে পড়বে বলে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে। জাতিসংঘের এ সমীক্ষায় বলা হয়েছে, আরো এক বছর কোভিড পরিস্থিতি বজায় থাকলে, পর্যটন ব্যবস্থা চালু করা যেকোনো দেশের জন্যে অসম্ভব হয়ে পড়বে এবং বিশ্বে এখাতে ক্ষতি দাঁড়াবে ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার এমনটাই জানিয়েছে আঙ্কটাড।
সংস্থার গবেষণা প্রতিবেদন বলছে, গত চারমাসের লকডাউনে বিশ্ব পর্যটন খাতের ক্ষতি দাঁড়িয়েছে ১ . ২ ট্রিলিয়ন, যা বিশ্ব জিডিপির দেড় শতাংশ। এখন লকডাউন আরো চারমাস স্থায়ী হলে, এ খাতের ক্ষতি ২.২ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, যা বিশ্ব জিডিপির ২.৮ শতাংশ এবং পুরো একবছর লকডাউন থাকলে ক্ষতি ৩.৩ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, যা বিশ্ব জিডিপির ৪.২ শতাংশ।
পর্যটন নির্ভর সবদেশের কর্মসংস্থান আর রাজস্ব আয় এ খাতের ওপর নির্ভরশীল। ভ্রমন নিষেধাজ্ঞায় পর্যটন নির্ভর একটি দেশের পর্যটনে রাজস্ব আয় ১ মিলিয়ন ডলার কমলে জাতীয় আয় ৩ মিলিয়ন ডলার কমে যেতে পারে। আর এতে করে সবচেয়ে সংকট তৈরি হবে উন্নয়নশীল দেশগুলোতে। পর্যটন খাত বিপর্যস্ত হলে ক্ষতির বোঝা টানতে হবে উন্নত দেশগুলোকেও।
পর্যটন শিল্পে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ১৮৭ বিলিয়ন ও চীনের ১০৫ বিলিয়ন ডলার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। থাইল্যান্ড, ফ্রান্স ও জার্মানির মত পর্যটন প্রধান খাতের আয় অন্তত হ্রাস পেতে পারে ৪৭ বিলিয়ন ডলার।
এছাড়াও পর্যটন খাতের আয় হ্রাসে জ্যামাইকা বা থাইল্যান্ডের মত দেশগুলোর অর্থনীতি যথাক্রমে ১১ ও ৯ শতাংশ কমে যেতে পারে। ক্রোয়েশিয়ার অর্থনীতি একই কারণে ৮ শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হতে পারে।
বার্তাবাজার/এমকে