প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে চীনের পক্ষ নেয়ার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ করার ষোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ট্রাম্প। এর আগে বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি ও বিভিন্ন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সারাবিশ্ব যখন প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত, ঠিক এমন সময়েই এই বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করল ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) মার্কিন সরকার জাতিসংঘকে এক আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানায়, দেশটি ডাব্লিউএইচও থেকে বেরিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছিলেন এবং তিনি এই সংস্থাকে চীনের অনুগত একটি প্রতিষ্ঠান বলে দাবি করে আসছেন।
ট্রাম্প গত মে মাসে বলেছিলেন, তিনি মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে এবং এই সংস্থা ও চীন মিলে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে করোনাভাইরাসের ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। তবে বিশ্বের প্রায় সব দেশ তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে।
বার্তাবাজার/এমকে