সোলাইমানিকে হত্যা করে আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: জাতিসংঘ

ইরানের কুদস বাহিনীর সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড।

তিনি এক তদন্ত প্রতিবেদনে জানিয়েছেন, জেনারেল সোলেইমানি মার্কিন স্বার্থে আঘাত হানতে চেয়েছিলেন বলে তাকে হত্যার যে অজুহাত ওয়াশিংটন দেখিয়েছে তার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপন করা হবে ক্যালামার্ডের প্রতিবেদনটি। এর আগেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদনটির কিছু অংশ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আত্মরক্ষার অজুহাতে তৃতীয় কোনও দেশে আরেকটি দেশের সেনা কমান্ডারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতে জাতিসংঘ ঘোষণার লঙ্ঘন হলেও এর দায়ে কোনও আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রকে শাস্তি দেয়ার পদক্ষেপ নেয়নি।

প্রতিবেদনে সামরিক ড্রোন ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে এটি ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন তৈরি ও তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোলেইমানিকে বহনকারী গাড়িবহরে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এতে ঘটনাস্থলেই জেনারেল সোলেইমানি এবং ইরাকের ‘হাশদ আশ-শাবি’র উপপ্রধান মাহদি আল মুহান্দিসসহ প্রাণ হারান আরও কয়েকজন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর