আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় দেশের দুর্যোগ আক্রান্ত ব্যক্তি ছাড়াও অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেবে সরকার।
আজ (মঙ্গলবার) ত্রাণ মন্ত্রণালয় থেকে ১ কোটি ৬ হাজার ৮৬৯টি ভিজিএফ কার্ডের জন্য ১ লাখ ৬৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয়া হয়েছে।
বরাদ্দকৃত খাদ্যশস্য আগামী ২৮ জুলাইয়ের মধ্যে জেলা প্রশাসকদের উত্তোলন করতে হবে। বরাদ্দপত্রে বলা হয়েছে, জেলা প্রশাসকরা ভিজিএফ বরাদ্দের বিষয়ে নিজ নিজ এলাকায় সংসদ সদস্যদের অবহিত করবেন।ভিজিএফ উপকারভোগী বাছাইয়ে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বরাদ্দকৃত ভিজিএফ কার্ড সংখ্যা পুনঃবিভাজন করে তালিকা তৈরি করতে হবে।
সরকারের বেঁধে দেয়া ১২ শর্তের মধ্যে চারটি পূরণ করে এমন ব্যক্তি বা পরিবারকে দুস্থ হিসেবে গণ্য করে সহায়তা দিতে হবে।
শর্তসমূহ-
যে পরিবারের মালিকানায় কোনো জমি নেই বা ভিটাবাড়ি ছাড়া কোনো জমি নেই।
যে পরিবার দিনমজুরের আয়ের উপর নির্ভরশীল।
যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল।
যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক কোনো পুরুষ সদস্য নেই।
যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়।
যে পরিবারে উপার্জনশীল কোনো ব্যক্তি নেই।
যে পরিবারের প্রধান স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা মহিলা রয়েছে।
যে পরিবারের প্রধান অস্বচ্ছল মুক্তিযোদ্ধা।
যে পরিবারের প্রধান অস্বচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী।
যে পরিবার কোনো ক্ষুদ্রঋণ প্রাপ্ত হয়নি।
যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য বা অর্থ সংকটে পড়েছে।
যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দু’বেলা খাবার পায় না।
বার্তাবাজার/এসজে