করোনায় মৃত ৫৫ জনের ৪৬ জনই পুরুষ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ১৫১ জন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৯১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৮ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৪৬ জন ও নারী ৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ১৫১ জন।

এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৭০৩ আর নারী ৪৪৮ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। এ পর্যন্ত সুস্থ ৭৮ হাজার ১০২ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

তিনি আরও জানান, বয়স বিভাজনে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৮ জন, ৬১-৭০ বছরের মধ্যে ২১ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৬ জন ও ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ১২ জন, রাজশাহীতে ২ জন, সিলেটে ২ জন, খুলনায় ৭ জন, রংপুরে ২ জন, বরিশালে ২ জন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩৯ জন ও বাড়িতে ১৫ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর