কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩ পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র, গুলি ও ইয়াবা।
আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় এঘটনা ঘটে।
নিহতরা হলেন, হ্নীলা মৌলভী বাজার এলাকারর মৃত সোলতান আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২০) এবং হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত হাজী আলী আহমদের ছেলে আব্দুল জলিল ওরফে গুরা পুতিক্কা (৩০)।
পুলিশের দাবী নিহতরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী এবং ডজনখানেক মামলার ফেরারী আসামী। তবে এই ঘটনায় (ওসি)’র আনুষ্টানিক বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, টেকনাফ মডেল থানার পুলিশ হোয়াইক্যং কম্বনীয়া পাড়ায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছূঁড়ে। এতে পুলিশের এক এসআই ও দুই জন কনেস্টেবল গুলিবিদ্ধ হয়। এসময় পুলিশ পাল্টা গুলি ছূঁড়লে সন্ত্রাসীরা পিছু হঠে।
পরে ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তিসহ অস্ত্র, গুলি, ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করে। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। লাশ কক্সবাজার মর্গে রাখা হয়েছে।
বার্তাবাজার/এমকে