করোনা রোগীকে মৃত ঘোষণা করতে গিয়ে আক্রান্ত ৫ চিকিৎসক!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসক ও একজন নিরাপত্তা কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৮৯ জনে দাঁড়িয়েছে। করোনা আক্রান্ত এক ব্যক্তিকে মৃত ঘোষণা করতে গিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে কেন্দুয়া উপজেলার করোনা আক্রান্ত এক রোগীকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন রোগীর মৃত্যু হয়েছে। ওই অবস্থায় লাশ ফিরিয়ে নেওয়া হয়।

ওই অবস্থায় শনিবার ও রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্টাফদের ক্রমান্নয়ে নমুনা সংগ্রহ শুরু করে করোনা ইউনিট। রোববার রাতে প্রকাশিত ফলাফলে দুই সহোদর চিকিৎসকসহ ৩ চিকিৎসক ও একজন নিরাপত্তা কর্মীর করোনা পজেটিভ আসে। সোমবার রাতের ফলাফলে দুই নারী চিকিৎসকের করোনা পজেটিভ এসেছে।

এ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সস থেকে মোট সংগৃহীত নমুনা ৯৮১ টি। এর মধ্যে নমুনার রিপোর্ট এসেছে ৯৬৭ টি। এতে মোট পজেটিভ রোগির সংখ্যা ৮৯ জন। এ পর্যন্ত সুস্থ রোগির সংখ্যা ৭১ জন। এখন পজেটিভ রোগির সংখ্যা ১৮ জন। পজেটিভ রোগীর মাঝে হোম আইসোলেশনে আছেন ১২ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, কিছুদিন আগে কেন্দুয়া হাসপাতাল থেকে ময়মনসিংহগামী একজন মৃত কোভিড রোগীর মৃত্যু ঘোষনা করতে গিয়ে চিকিৎসকদের ভেতর সংক্রমন ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে। ওই অবস্থায় নিতান্তই বিনা প্রয়োজনে কেবল ঔষধ নেবার উদ্দেশ্যে হাসপাতাল চত্বরে অযথা ভীড় না করার জন্য জনসাধারনকে আহ্বান করছি। দরকার হলে সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিক থেকেও সরকারি সেবা নিতে পারবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর